ঝিনাইদহে শিশু মিশকাতের ইজিবাইক ছিনতাই: আন্তঃজেলা দস্যু চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার

মোঃ শাহীন রেজা , কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০৭:৫৯ পিএম

ঝিনাইদহে শিশু মিশকাতের ইজিবাইক ছিনতাই: আন্তঃজেলা দস্যু চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার

ঝিনাইদহে ১৪ বছর বয়সী পিতৃহীন শিশু মিশকাতের ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই ঘটনার নেপথ্যে থাকা আন্তঃজেলা দস্যু চক্রের ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে ছিনতাই হওয়া ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৫ জুলাই ২০২৬) এক বিশেষ অভিযানে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশের যৌথ দল চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কুমারখালী ও মিরপুর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, নিহত বাবার পর পরিবার চালানোর জন্য ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের ১৪ বছর বয়সী মিশকাত ইজিবাইক চালাত। গত ১৯ জুলাই ২০২৬ বিকেলে কোটচাঁদপুর রেলগেট এলাকা থেকে চারজন যাত্রীবেশী তার ইজিবাইকে ওঠে। পরবর্তীতে তাকে ঝিনাইদহ সদর থানাধীন বংকিরা মাঠ এলাকার নির্জন মেহগনি বাগানে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক এবং মোবাইল ফোনটি ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে ২১ জুলাই ঝিনাইদহ সদর থানায় একটি দস্যুতার মামলা (মামলা নং-৩৭) দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার ভয়াবহতা বিবেচনা করে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামীদের গ্রেপ্তারে নির্দেশ প্রদান করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ও সাইবার ক্রাইম সেলের তদন্ত দল কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও আশপাশের জেলাগুলোতে অভিযান চালায়। অভিযানে ইজিবাইক ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত মূল চার দস্যু—১. মো. আকাশ সরদার ওরফে ডাকাত আকাশ, ২. মো. জিয়ারুল ওরফে জিয়া (৪৪), ৩. মো. সিরাজুল ইসলাম (৪০) ও ৪. মো. আখতার মোল্লা (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে লুন্ঠিত মালামাল কেনাবেচায় যুক্ত আরও ৬ সদস্য—রাশিদুল ইসলাম ওরফে বল্টু (৫০), মো. লিটন আলী (৫০), মো. সজীব শেখ (২৪), মো. মাসুদ রানা (৩২), মো. ইসলাম খান ওরফে তাহের (৬৫) ও মো. আশরাফুল ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানকালে আসামীদের কাছ থেকে মিশকাতের ছিনতাই হওয়া ইজিবাইক, ১টি লুন্ঠিত মোবাইল ফোনসহ মোট ৮টি মোবাইল এবং বাইক বিক্রির নগদ ৩,৪০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও পাবনা জেলা জুড়ে সংঘবদ্ধভাবে ডাকাতি ও দস্যুতা পরিচালনা করে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সিয়াম সরিষা
Link copied!