অনলাইন জুয়ায় টাকা হারিয়ে ছিনতাইয়ের নাটক, পুলিশের তদন্তে বেরিয়ে এলো সত্য

মোঃ আব্দুস সামাদ আজাদ , মৌলভীবাজার জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০৬:৫৮ পিএম

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে ছিনতাইয়ের নাটক, পুলিশের তদন্তে বেরিয়ে এলো সত্য

ফাইল ফটো

মৌলভীবাজারের রাজনগরে অনলাইন জুয়ায় পরিবারের প্রায় ১ লাখ টাকা হারিয়ে তা গোপন করতে ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন এক সিএনজি অটোরিকশাচালক। ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি নিজের শরীরে ধারালো বস্তু দিয়ে একাধিক আঘাতও করেন। তবে রাজনগর থানা পুলিশের নিবিড় তদন্তে পুরো ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের হালদার গ্রামের বাসিন্দা সুজন মিয়া দাবি করেন, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। বিষয়টি জানার পর রাজনগর থানা পুলিশ ঘটনাটির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে।

তদন্তের সময় সুজন মিয়ার বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পাশাপাশি তার পরিচিতজন ও বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার আসক্ত। এছাড়া তার শরীরের আঘাতের ধরন এবং পরিহিত শার্ট পরীক্ষা করে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। তদন্তকারীদের ধারণা হয়, আঘাতগুলো কোনো ধারালো বস্তু দিয়ে নিজেই করেছেন।

পরে নিবিড় জিজ্ঞাসাবাদে সুজন মিয়া স্বীকার করেন, অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ওয়ান এক্স বেটে (1xBet) পরিবারের প্রায় ১ লাখ টাকা হারানোর পর বিষয়টি আড়াল করতেই তিনি পরিকল্পিতভাবে ছিনতাইয়ের নাটক সাজান। পরিকল্পনা অনুযায়ী একটি নেইল কাটারের ছোট ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে ঘটনাকে বাস্তব বলে দেখানোর চেষ্টা করেন।

পুলিশ জানায়, পরিকল্পনার অংশ হিসেবে তিনি আগেই এক বন্ধুকে বিষয়টি অবহিত করেন। ঠিক করা হয়, তিনি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকবেন। স্থানীয় লোকজন তার বন্ধুকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে উদ্ধার করার অভিনয় করবেন। পরিকল্পনা অনুযায়ী, ওই বন্ধু মেদিনীমহল এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অপেক্ষা করছিলেন। স্থানীয়দের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সুজন মিয়াকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাজনগর থানা পুলিশ জানায়, নিবিড় তদন্তে এটি একটি সাজানো ছিনতাইয়ের ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!