কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও অংশীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জের উপপরিচালক ড. মোঃ সাদিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার আশরাফুল আলম। তিনি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রকল্পের সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি খাতের উন্নয়ন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং দুর্যোগ সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নাসির উদ্দিন মুন্সী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তন্ময় বিশ্বাস এবং উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ জসীম মিয়া।
পার্টনার কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা, সফলতার গল্প এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের সুবিধা সম্পর্কে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের মাধ্যমে কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :