জয়পুরহাটে বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে গ্রাম পুলিশ

শাহাদুল ইসলাম সাজু , জয়পুরহাট জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০২:৪৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রাম পুলিশও। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার পাশাপাশি ‘পুশইন’-এরও চেষ্টা করছে। বিএসএফ-এর এসব অপতৎপরতা রুখে দিতেই বিজিবি ও গ্রাম পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

জেলা সদরের ধলাহার, চকবরকত এবং পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আয়মারসুলপুর, ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নের বিস্তীর্ণ সীমান্ত এলাকাজুড়ে গ্রাম পুলিশ সদস্যরা বিজিবি-এর সঙ্গে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছেন।

আয়মারসুলপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. রুহুল আমিন ও ধরঞ্জী ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল রাজ্জাক বলেন, "ইউএনও এবং চেয়ারম্যানের নির্দেশে আমরা সবাই পালা করে দায়িত্ব পালন করছি। দিনের চেয়ে রাতের বেলায় বিজিবি-এর সঙ্গে দল বেঁধে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছি।"

একাধিক সীমান্তবাসী জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিএসএফ প্রায়ই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে। এছাড়া ‘পুশইন’-এরও চেষ্টা করছে বিএসএফ। এসব রুখে দিতেই বিজিবি-এর সাথে তাল মিলিয়ে গ্রাম পুলিশ সীমান্ত পাহারা দিচ্ছেন। এতে সীমান্তবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন সীমান্তের নিরাপত্তা জোরদারে সীমান্তবাসীর সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা করছেন। আমাদের সীমান্ত রক্ষায় বিজিবি ও গ্রাম পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

Link copied!