নওগাঁর নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে "স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ" শীর্ষক সেমিনার ও প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং টেকসই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে এ আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সম্রাট মোহাইমিনুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা, আইটিটিআই, বিসিএসআইআর, ঢাকা।

সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মুর্শিদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

দুই দিনব্যাপী এ সেমিনার ও প্রদর্শনী ১০ ও ১১ জুন ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, নিয়ামতপুর ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতেও এ প্রদর্শনী সহায়ক হবে।

Advertisement

Link copied!