ছাত্রদলের ধাওয়ার মুখে হবিগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসানের আশ্রয়

মোঃ উজ্জ্বল আহমেদ , হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৪:৩৭ পিএম

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মাহদী হাসানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (১০ জুন) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দাবি করেন, ছাত্রদলের কিছু নেতাকর্মী তাকে ধাওয়া করেছেন। পরে নিরাপত্তার স্বার্থে তিনি হবিগঞ্জ সদর থানায় আশ্রয় নেন।

লাইভ সম্প্রচারে মাহদীকে উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত মত প্রকাশের জেরে তার ওপর হামলার আশঙ্কা তৈরি হয়েছে। একপর্যায়ে তিনি থানায় পৌঁছে পুলিশের সহযোগিতা চান।

মাহদী হাসান, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সমন্বয়ক ও সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত, দাবি করেন যে আগে থেকেই সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছিলেন। ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় তাকে অনুসরণ করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে শায়েস্তাগঞ্জ থানায় এক ঘটনাকে কেন্দ্র করে মাহদী হাসান জাতীয়ভাবে আলোচনায় আসেন। তখন থানার ভেতরে দেওয়া তার কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হলেও আদালতের আদেশে তিনি জামিনে মুক্তি পান।

সাম্প্রতিক ঘটনার বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহদী হাসান একটি মৌখিক অভিযোগ করেছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রকাশিত ভিডিওতে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের উপস্থিতি স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মাহদী হাসান থানার নিরাপত্তার মধ্যেই রয়েছেন।

Advertisement

Link copied!