বান্দরবানের লামা উপজেলার লামা বাজারে মাদক ব্যবসার বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। পুলিশের একাধিক অভিযান ও মাদকবিরোধী তৎপরতা চলমান থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না মাদক কারবার। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় কিছু চক্র এখনও গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, মাদকের কারণে অনেক তরুণ নেশায় জড়িয়ে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিশেষ করে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি বাড়ছে, যা ভবিষ্যতের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন সচেতন মহল।
এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও লক্ষ্যভিত্তিক ও কঠোর অভিযান পরিচালনা করা না হলে হাজারো যুবকের জীবন বিপথে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের একাধিক অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েকটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।”
সচেতন নাগরিকরা মনে করছেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ জরুরি। তাদের আহ্বান— “মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ুন।”
আপনার মতামত লিখুন :