ফেনীর আদালতে পাল্টাপাল্টি মামলায় স্বামী স্ত্রী দুজনেই কারাগারে

মোঃ জিয়া উদ্দিন , ফেনী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৭:৫২ পিএম

ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) দুপুরে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর কয়েক মাস সংসার করার পর তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

স্বামীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রায় দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় শ্বশুরবাড়ি থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে চলে যান। এ ঘটনায় মো. সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা দায়ের করেন। অন্যদিকে, নাসিমা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকে তাকে বিভিন্নভাবে যৌতুকের জন্য চাপ দেওয়া হয় এবং নির্যাতন করা হয়। পরে তিনি তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন।

বুধবার আদালতে উভয় মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে দুই পক্ষের আইনজীবীরা নিজ নিজ পক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। আদালত পারিবারিক বিরোধটি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ থাকলেও তা সম্ভব না হওয়ায় পৃথক দুই মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন।

আদালতের আদেশ অনুযায়ী, নাসিমা আক্তারের দায়ের করা যৌতুক মামলায় স্বামী মো. সুমনকে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে সুমনের পরিবারের পক্ষ থেকে দায়ের করা চুরির মামলায় নাসিমা আক্তারকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মতে, পারিবারিক বিরোধ ও পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগের জেরে একই দিনে স্বামী-স্ত্রী উভয়ের কারাগারে যাওয়ার ঘটনা বিরল। মামলাগুলোর পরবর্তী শুনানির তারিখ আদালত নির্ধারণ করবেন বলে জানা গেছে।

 

 

 

Advertisement

Link copied!