শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে ফেনীর ফুলগাজী উপজেলার জামেয়া উম্মুল ক্বোরা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) মাদ্রাসার মিলনায়তনে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকাশ, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা রক্ষা এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ওবায়দুল্লাহ। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশে উপস্থিত অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, পাঠ্যক্রমের বাস্তবায়ন, শ্রেণিকক্ষের পরিবেশ এবং সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় অভিভাবকরা শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও মতামত প্রদান করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শিক্ষার্থীদের কল্যাণ ও সফল ভবিষ্যৎ কামনা করে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।
আপনার মতামত লিখুন :