আলম চৌধুরী: কুমিল্লার চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদারের সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশের পৃথক দল ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, চুরি ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত মামলার মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী তৎপরতা জোরদার করতে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. কিবরিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করে। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা এলাকার চান্দু মিয়ার বাড়ির বাসিন্দা। এ সময় তার কাছ থেকে অভিনব কৌশলে পাচারকৃত ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, একটি চুরির মামলার তদন্তের সূত্র ধরে মো. সাগর (২৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া ব্যাপারী বাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে আটক করা সম্ভব হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া দীর্ঘদিন ধরে পলাতক থাকা দুই বছরের সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি খায়েরকে বেলাশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :