শ্যামনগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৩:১৪ পিএম

এস কে সিরাজ, শ্যামনগর: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি সরকারি রাস্তা বন্ধ ও রাস্তার ইট অপসারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এই মানববন্ধনে হিন্দু ও মুসলিম মিলিয়ে প্রায় ৩০টি পরিবারের বাসিন্দারা অংশগ্রহণ করেন। বক্তারা জানান, প্রায় ৩০ বছর ধরে সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা এই রাস্তা হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, রমজাননগর ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি নাহিনুর বেগমের নেতৃত্বে দীর্ঘদিন ধরে নানা হয়রানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। সম্প্রতি তাঁর নির্দেশে রাস্তার ইট সম্পূর্ণভাবে তুলে ফেলা হয়েছে, যার ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মো. হাফিজুর রহমান (কবির) (৪৮), পিতা: আবুল পাড়, নাহিনুর বেগম ও তাঁর ছেলে মেহেদী হাসান সায়েমসহ কয়েকজন দেশীয় অস্ত্র—রামদা, শাবল, বঁটি, দা ও চাইনিজ কুড়াল নিয়ে এসে এলাকাবাসীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে রাস্তার ইট অপসারণ করেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত রাস্তা পুনঃনির্মাণ, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Advertisement

Link copied!