শালিখায় ছাগল চুরি: ধাওয়া করে আটক ৩ আন্তঃদেশীয় চোর

জসীম উদ্দীন , শালিখা (মাগুরা) সংবাদদাতা

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৪:০৪ পিএম

মাগুরার শালিখা উপজেলায় ছাগল চুরির অভিযোগে তিন আন্তঃদেশীয় চোরকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার সকালে উপজেলার শতপাড়া গ্রাম থেকে ছাগল চুরি করে পিকআপযোগে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে শতপাড়া গ্রামের নিজাম মোল্লার বাড়ির পেছন থেকে নাজমুল নামে এক ব্যক্তির ছাগল একটি পিকআপে তুলে নেয় চোরচক্রের সদস্যরা। এ সময় ঘটনাটি দেখে ফেলেন স্থানীয় এক ব্যক্তি। তিনি চিৎকার দিলে অভিযুক্তরা দ্রুত পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে।

পরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর কাঠালবাড়ীয়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তখন গাড়িতে থাকা চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হয়। অপর একজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন খুলনা সিটি করপোরেশনের আড়ংঘাটা এলাকার আজিজ গাজীর ছেলে হাছান গাজী (২৪), ডুমুরিয়া উপজেলার কাগমারী গ্রামের রাজ্জাক মোড়ালের ছেলে গোলাম মোড়ল (২৬) এবং একই উপজেলার বাদুরগাছা গ্রামের বাদশা গাজীর ছেলে আহাদ গাজী (২৬)।

খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি ছাগল, একটি গরু, দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং তিন টনের একটি পিকআপ উদ্ধার করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আটক তিনজন সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছেন তারা।

Link copied!