সিংগাইরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এস এম সানোয়ার , সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৫:২৭ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অধীনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদার, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, স্থানীয় বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান খান। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, গণমাধ্যমকর্মী আবুল কালাম আজাদ ও ছানোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। প্রচলিত আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

এছাড়া কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

অনুষ্ঠানের শেষে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, জনগণ এই সেবা গ্রহণে এগিয়ে এলে স্থানীয় পর্যায়ে বিরোধ কমবে এবং টেকসই সামাজিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।

এ সময় সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Link copied!