মোঃ জাকির হোসেন, ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা-এ চাঞ্চল্যকর এক ঘটনায় পঞ্চম শ্রেণির এক শিশুশিক্ষার্থীর স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থী ও তার সৎ ভাইকে আটক করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিরা খাতুনের (১২) বহন করা স্কুলব্যাগ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই নাদিরা ও তার সঙ্গে থাকা সৎ ভাই পায়েলকে (২২) আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাদিরা খাতুন বগুড়ার কাহালু উপজেলা এলাকার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি মাদক পরিবহনের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, কোমলমতি শিশুদের ব্যবহার করে মাদক পরিবহন সমাজের জন্য ভয়াবহ হুমকি। তারা দ্রুত মূল হোতাদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাহমুদ হাসান নাঈম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
তিনি আরও জানান, ঘটনার পেছনে বড় কোনো মাদক চক্র জড়িত রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :