কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দিন দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্র্যাকের মাঠকর্মী সুমাইয়া আক্তারের কাছ থেকে কালেকশনের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা দৌলতপুরের হোসেনাবাদ ব্র্যাক অফিসে মাঠকর্মী হিসেবে কর্মরত। তিনি পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চারুলিয়া গ্রামের বাসিন্দা ও ফরহাদ আলীর স্ত্রী।
এলাকাবাসীরা জানা, ব্র্যাকের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন। পথে কলেজপাড়া এলাকায় পৌঁছালে মুখোশধারী দুই দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের আঘাতে ওই কর্মী আহত হন এবং সুমাইয়া আক্তার মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তার কাছে থাকা কালেকশনের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পাশের পাটক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়। হামলায় তার হাত ও মাথায় আঘাত লাগে বলে জানা গেছে।
পরের স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগী সুমাইয়া আক্তার মিতা বলেন, গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে দুই অস্ত্রধারী ব্যক্তি আমাকে জিম্মি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের মুখ ঢাকা ছিল, তাই কাউকে শনাক্ত করতে পারিনি। হোসেনাবাদ ব্র্যাক অফিসের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, আমাদের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা কালেকশনের টাকা নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের কবলে পড়েন।
দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। আমরা তাকে নিয়ে দৌলতপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ব্র্যাকের এক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :