ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

জসিম উদ্দিন , ফুলগাজী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৮:৩২ পিএম

কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফুলগাজীতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’।

বৃহস্পতিবার সকালে ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলগাজীর উদ্যোগে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতিকুল্লাহ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. খুরশিদ আলম। তিনি কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, টেকসই উৎপাদন ব্যবস্থা, কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন এবং ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।

কংগ্রেস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়। মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং স্থানীয় কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শিত হয়। কৃষকরা এসব প্রদর্শনী ঘুরে দেখে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পার্টনার প্রকল্প দেশের কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার

মাধ্যমে কৃষিকে আরও লাভজনক, আধুনিক ও টেকসই করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

Link copied!