মো: ইনতাজ হোসেন (বান্দরবান): বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর হাসপাতালের সার্ভিস ভবনের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন ওই দুই শ্রমিক। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে একটি লোহার অ্যাঙ্গেল চলে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, নির্মাণকাজের সময় একটি লোহার অ্যাঙ্গেল উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, “নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।”
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :