বোরহানউদ্দিনে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রিয়াজ ফরাজী , বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৪:০৪ পিএম

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভোলা জেলা পুলিশের চলমান অভিযানে বোরহানউদ্দিনে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনা এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই জসিম ও সঙ্গীয় ফোর্স উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে মাদক বিক্রির প্রস্তুতিকালে মোঃ বাচ্চু (৩০), পিতা- আবুল কালাম এবং মোঃ তানজিল (২০), পিতা- মোঃ মনির হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বোরহানউদ্দিন থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারি, মাদক সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলেন, পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত রাখা প্রয়োজন।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার প্রতিটি থানায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!