মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্য রেখায় আটকে থাকা ওই বৃদ্ধের পরিচয় মিলেছে। পরিচয় পাওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তাঁর বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামে।
দীর্ঘ ২৪ ঘণ্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো ম্যানস ল্যান্ডে আটকে থাকার পর তাঁকে বৃহস্পতিবার সকাল ৭টায় উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ধানুয়া কামালপুর বিজিবি জানিয়েছে, পরিবারের সদস্যরা এলেই তাঁদের কাছে তাঁকে হস্তান্তর করা হবে। বর্তমানে ওই বৃদ্ধ থানায় অবস্থান করছেন।
এর আগে বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর তাঁকে উদ্ধার করা হয়। বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের ছবি ভাইরাল হলে পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :