ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। হামলার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। পরে নিশ্চিত হওয়া যায়, নিখোঁজ তিনজনই প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতের জাহাজ চলাচলবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল নিখোঁজ তিন নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ‘সেত্তেবেল্লো’ নামের তেলবাহী ট্যাংকারটির ইঞ্জিন রুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক।
ওমানের বন্দরনগরী সোহর থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হওয়ার পর জাহাজটি জরুরি সহায়তা চেয়ে সংকেত পাঠায়। পরে ২৪ ভারতীয় ক্রুর মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রের দাবি, ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা হামলার মাধ্যমে অকার্যকর করে দেওয়া হচ্ছে। সেত্তেবেল্লোও এমন একটি অভিযানের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, গতকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত শুরু হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো উভয় পক্ষ হামলা ও পাল্টা হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আপনার মতামত লিখুন :