মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুন কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং স্টার্টআপ পরিকল্পনা নিয়ে অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা, গবেষণামূলক কার্যক্রম এবং বাস্তবমুখী উদ্ভাবন উপস্থাপন করে উপস্থিত অতিথি, শিক্ষক ও দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি।
আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুননবী চৌধুরী সেলিম এবং মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার মাধ্যমে একটি স্মার্ট, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে নতুন অনুপ্রেরণা জোগায়।
আপনার মতামত লিখুন :