প্রধানমন্ত্রীর উদ্যোগে বান্দরবানের লামায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মো: ইনতাজ হোসেন , লামা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০৫:৪৩ পিএম

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের লামায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার লামা উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এ সময় বৃক্ষরোপণ করেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা এস. এম. কবির উদ্দিন, স্টেশন অফিসার রনি পারভেজসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরে লামা উপজেলায় ৮০ হেক্টর জমিতে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।” তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত গাছের পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

Advertisement

Link copied!