‘যুক্তির আলোয় গড়ি আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই দিনব্যাপী উদয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মোট ১৮টি দল অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী বিভিন্ন পর্বে অনুষ্ঠিত বিতর্কে শিক্ষার্থীরা সমসাময়িক শিক্ষা, সমাজ, প্রযুক্তি, নৈতিকতা ও জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে তথ্যনির্ভর যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে নিজেদের মেধা, চিন্তা শক্তি এবং উপস্থাপনা দক্ষতার পরিচয় তুলে ধরে।
শনিবার অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিলস্না জেলা জজ ও বিশেষ আদালতের বিচারক শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিচারক শফিকুল ইসলাম বলেন, “বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একজন শিক্ষার্থীকে যুক্তিনির্ভর, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে যুক্তির চর্চা অত্যন্ত প্রয়োজন।
বর্তমান প্রজন্মকে দক্ষ নেতৃত্বে পরিণত করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয় এবং সময়োপযোগী উদ্যোগ।”
বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের বিতর্ক, সাংস্কৃতিক কর্মকান্ড, খেলাধুলা এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। এসব কার্যক্রম একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।”
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল বিতর্কে উভয় দলের শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও উপস্থাপনায় উচ্চমানের দক্ষতার পরিচয় দেয়, যা উপস্থিত দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ায়।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ট্রফি, ক্রেস্ট, পুরস্কার এবং সনদপত্র তুলে দেন। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, সহনশীলতা, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের মানসিকতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করে। নিয়মিত বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। উদয় এইড ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
আপনার মতামত লিখুন :