কোটচাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ইলিয়াস হোসাইন , কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০৬:২৪ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে মো. অরিন হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত অরিন হোসেন কোটচাঁদপুর পৌর শহরের বিশিষ্ট স্যানিটারি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন রনির একমাত্র ছেলে। তিনি কোটচাঁদপুরের টোটন ফিলিং স্টেশনের মালিক পরিবারের সদস্য বলেও জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরে বসবাসরত আমজাদ হোসেন রনি শনিবার তার ছেলে অরিনকে নিয়ে নিজ গ্রাম সুয়াদিতে দাদার বাড়িতে বেড়াতে যান।

বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত অরিন সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এ মৃত্যুতে পুরো গ্রাম ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনায় শোক প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা বলেন, “এমন প্রাণবন্ত একটি শিশু চোখের পলকে হারিয়ে গেল, এটি মেনে নেওয়া খুবই কষ্টকর। আমাদের চোখের সামনেই সে বড় হয়েছে। খেলতে খেলতে যে পুকুরটি তার জন্য মরণফাঁদ হয়ে দাঁড়াবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। আমজাদ ভাইয়ের মতো একজন মানুষের এমন ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। পুরো গ্রামে আজ শোকের পরিবেশ বিরাজ করছে।”

এদিকে, কোটচাঁদপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা আমজাদ হোসেন রনি ও পরিবারের সদস্যরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

 

Advertisement

Link copied!