বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আজ (রবিবার, ১৪ জুন) সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন।
দুপুরে তিনি আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ ও জামিনের আবেদন করবেন বলে জানা গেছে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুপুরে আত্মসমর্পণের জন্য তিনি আদালতে আসবেন— এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন।
অন্যদিকে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বলেন, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। সেই জামিনের ভিত্তিতেই তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন। বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এর আগে ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা হয়। একই দিনে আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেয়।
নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালতে উপস্থিত না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
উল্লেখ্য, মুফতি আমির হামজা একজন ইসলামি বক্তা, দাঈ, লেখক ও রাজনীতিবিদ। তিনি একাধিকবার বিতর্কিত বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন এবং পরবর্তীতে কিছু বক্তব্যের জন্য ক্ষমাও চান।
আপনার মতামত লিখুন :