যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (Islamabad MoU) স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
জি-৭ সম্মেলনে অংশ নিতে ফ্রান্স সফররত ট্রাম্প বুধবার প্যারিসের ভার্সাই প্রাসাদে চুক্তিতে স্বাক্ষর করেন। একই দিনে তেহরানে নিজ কার্যালয়ে নথিটিতে স্বাক্ষর করেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ সংক্রান্ত ছবি প্রকাশ করেছে।
১৪ দফার এই সমঝোতা স্মারকটি আকারে সংক্ষিপ্ত হলেও এর কূটনৈতিক গুরুত্ব অত্যন্ত ব্যাপক। প্রায় ৮০০ শব্দের নথিটি দুই দেশের মধ্যে কয়েক দশকের বৈরিতার অবসান এবং একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির পথে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ, সাম্প্রতিক সংঘাত এবং পরবর্তী অচলাবস্থার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত মে মাসের শুরুতে তেহরানের কাছে এ প্রস্তাবের খসড়া পাঠায় ওয়াশিংটন। পরে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছায়।
চুক্তি অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে স্থায়ী শান্তি চুক্তির কাঠামো, ইরানের পারমাণবিক কর্মসূচি, যুদ্ধজনিত ক্ষতিপূরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে দুই দেশ। এ সময় হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান। এর বিনিময়ে ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ শিথিল করবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করছে পাকিস্তান। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, চুক্তির শর্ত বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত শুরু হবে।
সূত্র: রয়টার্স, সিএনএন
আপনার মতামত লিখুন :