লেবাননে নতুন করে সংঘর্ষ, ৩০ ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১০:৪৫ এএম

দক্ষিণ লেবাননে গত ২ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ৩০ জন ইসরায়েলি সেনা ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১ হাজার ৩৪৭ জন সেনা সদস্য, যার মধ্যে শুধু গত তিন দিনেই আহত হয়েছেন ৪৫ জন।

সোমবার (১৫ জুন) ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করে।

ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, রাজনৈতিক নেতৃত্বের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় বর্তমানে লেবাননে সামরিক অভিযানের গতি কিছুটা কমিয়ে আনা হয়েছে। যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তিতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে, তবুও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল-১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের তথাকথিত ‘ইয়েলো লাইন’ এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান আপাতত চলমান থাকবে। বর্তমানে যেসব অগ্রবর্তী অবস্থানে সেনারা অবস্থান করছে, সেখান থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো নির্দেশ এখনো দেওয়া হয়নি।

অন্যদিকে, যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে লেবাননের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, আলি আল-তাহের পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি সামরিক যানবাহন লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। পরে সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, রকেট ও ড্রোন হামলার মাধ্যমে তারা একটি ইসরায়েলি সামরিক দলকে পিছু হটতে বাধ্য করেছে।

সব মিলিয়ে শান্তি চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে উত্তেজনা প্রশমিত হয়নি। যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্তজুড়ে অনিশ্চয়তা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Advertisement

Link copied!