যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নেতানিয়াহুর ‘ব্যক্তিগত পরাজয়’

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০২:৫৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তিকে ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন ইসরায়েলের বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার গিডিয়ন লেভি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ইস্যু বহু বছর ধরে নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অন্যতম প্রধান প্রকল্প ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ইসরায়েল কার্যত প্রান্তিক হয়ে পড়েছে। ফলে দেশটি এখন কেবল সীমিত অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে।

সম্প্রতি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলের হামলার প্রসঙ্গ টেনে লেভি এটিকে “হাস্যকর” এবং “ছেলেমানুষি ধরনের পদক্ষেপ” বলে মন্তব্য করেন। তার ভাষায়, এসব কর্মকাণ্ড প্রমাণ করে যে আঞ্চলিক কূটনৈতিক খেলায় ইসরায়েল সুবিধাজনক অবস্থানে নেই।

লেভি বলেন, “খুব স্পষ্টভাবেই বলা যায়, এই খেলায় ইসরায়েল হেরে গেছে।” তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা ইসরায়েলের দীর্ঘদিনের কৌশলগত অবস্থানকে দুর্বল করে দিতে পারে।

তবে তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক। বিশেষ করে লেবানন ইস্যু চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তার দাবি, ইরান দক্ষতার সঙ্গে লেবাননের পরিস্থিতিকে আলোচনার অংশে পরিণত করেছে, যা ভবিষ্যতে নতুন জটিলতা সৃষ্টি করতে পারে।

লেভির মতে, ইসরায়েল এখনো লেবাননের কিছু এলাকায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং সেখান থেকে দ্রুত সরে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে যতদিন ইসরায়েলি সেনা সেখানে অবস্থান করবে, ততদিন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা কঠিন হবে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, নেতানিয়াহু এমন কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা মেনে নিতে অনাগ্রহী হতে পারেন, যা ইসরায়েলের ঘোষিত নিরাপত্তা লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হবে। এ কারণে আঞ্চলিক উত্তেজনা পুরোপুরি প্রশমিত হওয়ার পথ এখনো অনিশ্চিত বলে মন্তব্য করেন তিনি।

Link copied!