যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা ঘোষণার পর তেহরান দাবি করেছে, তাদের সামরিক শক্তি ও অবিচল প্রতিরোধের কারণেই প্রতিপক্ষকে সমঝোতার পথে আসতে হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করা হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের ধৈর্যশীল ও গর্বিত জনগণ এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত সাহসী সদস্যরা দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের ঐক্য, দৃঢ়তা ও আত্মত্যাগই দেশের শক্তির মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।
ইরানের সামরিক বাহিনীর দাবি, তাদের প্রতিরোধ ও সামরিক সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র এবং ‘জায়নবাদী শত্রুরা’ নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে পরাজয় মেনে নেওয়া এবং সমঝোতার পথে অগ্রসর হওয়া ছাড়া তাদের সামনে আর কোনো কার্যকর বিকল্প ছিল না।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ঘোষণার পরপরই এই বক্তব্য সামনে আসে। তবে বিবৃতিতে চুক্তির শর্তাবলি কিংবা ভবিষ্যতে তা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক বাহিনী এই সমঝোতাকে নিজেদের কৌশলগত ও রাজনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। একই সঙ্গে অভ্যন্তরীণ জনমতকে নিজেদের পক্ষে রাখার লক্ষ্যও এই বক্তব্যের পেছনে থাকতে পারে।
সূত্র: আল-জাজিরা
আপনার মতামত লিখুন :