আজ রাত থেকেই স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা তেহরানের

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০৫:৩৩ পিএম

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ায় আজ রাত থেকেই সব ফ্রন্টে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হবে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নতুন এই চুক্তির আওতায় লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতেরও অবসান ঘটবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া আজ রাত থেকেই শুরু হবে।

ভারতে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘারিবাবাদির বক্তব্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ঘারিবাবাদি আরও জানান, একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আগামী ৬০ দিনের মধ্যে নতুন দফায় আলোচনা অনুষ্ঠিত হবে। তবে কোনো পক্ষ চুক্তি লঙ্ঘন করলে ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি সতর্ক করেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। তিনি হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিও উল্লেখ করেন।

তবে এই চুক্তির শর্তাবলি নিয়ে ইসরায়েলে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির কয়েকজন কর্মকর্তা মনে করছেন, সমঝোতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কিংবা আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘোষিত লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হয়নি।

Advertisement

Link copied!