যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংকটের শুরু থেকেই বাংলাদেশ উত্তেজনা প্রশমন, সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নিয়ে এসেছে। শান্তিচুক্তি বাস্তবায়নের পথে অগ্রগতি অর্জনে সংশ্লিষ্ট পক্ষগুলো ও মধ্যস্থতাকারীদের গঠনমূলক ভূমিকারও প্রশংসা করা হয়েছে।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, পারস্পরিক আন্তরিকতা ও সদিচ্ছার ভিত্তিতে চুক্তিটি বাস্তবায়িত হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু ওই অঞ্চলের জন্য নয়, বরং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে বিদ্যমান ইতিবাচক অগ্রগতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলা হয়, অবশিষ্ট সমস্যাগুলোও সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
একই সঙ্গে বাংলাদেশ আশা করছে, এ শান্তিচুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্ত ও স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে এবং আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার স্বাভাবিকীকরণে সহায়ক ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :