ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল টিকত না দুই ঘণ্টাও: ট্রাম্প

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১২:২২ পিএম

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টার বেশি টিকে থাকতে পারত না।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। একই সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যন্ত কঠিন প্রকৃতির মানুষ’ বলে অভিহিত করেন এবং বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য তার কৃতজ্ঞ থাকা উচিত।

ট্রাম্প বলেন, “তিনি একজন অত্যন্ত কঠিন প্রকৃতির মানুষ। তবে বাস্তবতা হলো, এই কাজের জন্য তার আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না।”

সাক্ষাৎকারে ট্রাম্প আরও অভিযোগ করেন, লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতার প্রচেষ্টাকে ঝুঁকির মুখে ফেলেছিল। তার দাবি, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা তেহরানকে আলোচনায় আগ্রহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ট্রাম্পের ভাষায়, “তারা আর তৃতীয় হামলা চায়নি। তারা এখন নিজেদের টিকে থাকা নিয়েই বেশি চিন্তিত।”

এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমাদের পরিচালিত হামলাগুলো এই চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলেছে—এতে কোনো সন্দেহ নেই।”

Advertisement

Link copied!