মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে “শান্ত, স্থির ও অসাধারণ নেতৃত্বের অধিকারী” বলে অভিহিত করেছেন। বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার সময় ট্রাম্প বলেন, এ অঞ্চলে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তিনি উল্লেখ করেন, মোদির নেতৃত্বে ভারত আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রভাবশালী অবস্থান অর্জন করেছে এবং ভবিষ্যতেও বৈশ্বিক নানা ইস্যুতে দেশটির সক্রিয় ভূমিকা থাকবে।
মোদিকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে। তার ভাষায়, দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা এগিয়ে চলেছে।
ট্রাম্প আরও জানান, মোদির সঙ্গে তার ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্ক সবসময়ই সৌহার্দ্যপূর্ণ ছিল। তিনি বলেন, ভারত যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প স্থাপনে আগ্রহ দেখাচ্ছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
বৈঠকে প্রধানমন্ত্রী মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :