মহাখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আকস্মিক বিক্ষোভ, দুজন আটক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৪:১৩ পিএম

ঢাকার মহাখালী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালীর আইসিডিডিআরবি এলাকার সামনে কয়েকশ মানুষ জড়ো হওয়ার পর হঠাৎ করেই ব্যানার নিয়ে মিছিল শুরু হয়। মিছিলটি সেখান থেকে মহাখালী বাস টার্মিনালের দিকে অগ্রসর হয়।

স্থানীয় পথচারীদের ভাষ্য অনুযায়ী, মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ পর যুব মহিলা লীগের ২০ থেকে ২৫ জন নারী কর্মী এতে যোগ দেন। তারা মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকা থেকে এসে মিছিলে অংশ নেন বলে জানা গেছে।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সকাল ৯টার পর কিছু ব্যক্তি মহাখালীর সড়কে মিছিল করার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Advertisement

Link copied!