সিরাজগঞ্জে টানা দ্বিতীয় দিনের মতো যমুনা সেতু পশ্চিম মহাসড়কে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা এলাকায় যুবশিবির স্মৃতিস্তম্ভ সংলগ্ন মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে নবগঠিত জেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুনর্বহালের দাবি জানান। পরে মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে শেষ হয়।
এদিকে দুপুরের দিকে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে ব্যানার ও ফেস্টুন হাতে বেশ কয়েকজন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়।
তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :