গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বদলি, গেলেন গৌরীপুর সার্কেল অফিসে

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০৬:৩৬ পিএম

ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম আতিকুর রহমানকে দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে চার মাসের মাথায় বদলি করা হয়েছে। তাকে গৌরীপুর সার্কেল অফিসে সংযুক্ত করা হয়েছে ।

রোববার (২১ জুন) তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সূত্রের দাবি, গফরগাঁও থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তার কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, এলাকায় মামলা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতাও বেড়েছে। 

এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সঙ্গে তার গোপন যোগাযোগ ছিল বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত এক মাস ধরে তার কর্মকাণ্ড নিয়ে একটি গোয়েন্দা সংস্থা অনুসন্ধান চালায়। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য ও মূল্যায়নের ভিত্তিতেই তাকে বর্তমান পদ থেকে সরিয়ে গৌরীপুর সার্কেল অফিসে বদলি করা হয়েছে। 

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়নি। বদলির কারণ সম্পর্কেও জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে ওসি আতিকুর রহমানের বদলির খবরে গফরগাঁওয়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে নানা মহলে ভিন্নমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Advertisement

Link copied!