নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারী যাত্রী ছাউনিতে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের পিতৃপরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে।
শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে ওই নারী সন্তান প্রসব করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা সেখানে ভিড় করেন। পরে সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতককে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়দের তথ্যমতে, প্রায় দুই থেকে তিন বছর ধরে পূর্বচরবাটা ইউনিয়নের ছমিরহাট এলাকার ওই (প্রায় ৩০ বছর বয়সী) মানসিক প্রতিবন্ধী নারী সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বর থানা এলাকার আশপাশে ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত ব্যক্তি তার অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাকে গর্ভবতী করে থাকতে পারে।
বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন বলে জানা গেছে। তবে ওই নারী নিজের পরিচয় বা ঠিকানা বলতে পারছেন না। জন্মের পর স্থানীয় এক নারী শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং নবজাতকের পিতৃপরিচয় শনাক্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সমাজসেবা কর্মকর্তারা ঘটনাস্থল থেকে মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আপনার মতামত লিখুন :