ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টাঙানো বিশাল আকৃতির একটি আর্জেন্টিনা দলের পতাকা চুরির অভিযোগ উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জে। এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকরা। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের।
শুক্রবার (১৯ জুন) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন বিশ্বকাপকে ঘিরে উৎসবের আমেজ তৈরি করতে ক্লাবের সদস্যরা চাঁদা তুলে প্রায় ২০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া একটি আর্জেন্টিনা পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর তীরবর্তী একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়।
ক্লাবের সদস্যদের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তারা জানতে পারেন যে পতাকাটি আর সেখানে নেই। এরপর আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও কোনো সন্ধান মেলেনি। একপর্যায়ে শুক্রবার জুমার নামাজের পর ক্লাবের সদস্য টুটুল শিকদার বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
টুটুল শিকদার বলেন, “অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে আমরা পতাকাটি বানিয়েছিলাম। ক্লাবের অধিকাংশ সদস্যই শিক্ষার্থী। কেউ টিফিনের টাকা বাঁচিয়ে, কেউ পরিবারের কাছ থেকে নিয়ে এই পতাকার জন্য অর্থ দিয়েছিল। তাই যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”
ক্লাবের আরেক সদস্য মামুন বলেন, “পতাকাটি কেউ খুঁজে দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, “পতাকা চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
আপনার মতামত লিখুন :