হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়াব্দা গ্রামে ভূগর্ভে গ্যাসের সম্ভাব্য উপস্থিতির খবর ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গ্রামের একটি স্থানে মাটি ফুঁড়ে গ্যাস জাতীয় পদার্থ বের হওয়ার আলামত লক্ষ্য করেন এলাকাবাসী। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন।
খবর পেয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে বিষয়টি যাচাই-বাছাই করতে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ অনুসন্ধান ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার আগে গ্যাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে প্রাথমিক পর্যায়ে গ্যাসের কিছু আলামত পাওয়া গেছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মানিক মিয়া বলেন, “সম্ভাব্য গ্যাসের সন্ধানের খবর এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। যদি এখানে সত্যিই গ্যাসের মজুত পাওয়া যায়, তাহলে এটি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান অনুসন্ধানের ফলাফল ও পরীক্ষার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :