জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে শুক্রবার লন্ডনের কেমব্রিজ থানায় এ মামলা করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার পর জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে এনসিপি ইউকে অ্যালায়েন্স। সংগঠনটির দাবি, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আব্দুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার ও নানা ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে মামলা করা হয়েছে।
এনসিপির ভাষ্য, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের হয়রানি এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল্যবান সময় নষ্ট করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অক্সফোর্ড ইউনিয়নে তার বক্তব্য, প্রবাসীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে প্রতিপক্ষ বারবার চেষ্টা চালিয়ে আসছে। তবে অতীতের মতো এবারও সেই প্রচেষ্টা ব্যর্থ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, এ ঘটনায় যুক্তরাজ্য পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :