অর্থনীতি পুনরুদ্ধারে লাগবে আরও দুই বছর: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৪:০৮ পিএম

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক অবস্থা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে আরও প্রায় দুই বছর সময় প্রয়োজন হবে। একই সঙ্গে ঋণনির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথ খুঁজছে সরকার।

রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেটকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করতে বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। দেশের জনগণকে কর ব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বল্প পরিমাণ কর দিয়েও করজালে যুক্ত হতে হবে। তবে এতে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

অর্থমন্ত্রী জানান, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের চাপ মোকাবিলা করেই বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে। এ কারণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে নিখুঁত বলা না গেলেও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার মতে, অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগবে।

তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে প্রায় এক হাজার ৩০০ প্রকল্প নেওয়া হয়েছিল, যার অনেকগুলোই জনস্বার্থের চেয়ে অন্য উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল। এসব প্রকল্পের একটি বড় অংশ বাতিল করা হয়েছে। আবার অনেক প্রকল্পের কাজ ৬০ থেকে ৮০ শতাংশ সম্পন্ন হলেও সেগুলো কাঙ্ক্ষিত সুফল দিতে পারছে না।

 

ব্যাংকঋণের উচ্চ সুদের হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় ব্যাংক থেকে ১১ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ নিয়ে বেসরকারি খাতের পক্ষে টিকে থাকা কঠিন। একইভাবে সরকারের জন্যও এ ধরনের ঋণ গ্রহণ ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তাই সরকার ধীরে ধীরে ব্যাংকনির্ভর অর্থায়ন থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে।

Link copied!