মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
আগমনের পর প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে সুসজ্জিত বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। আনুষ্ঠানিক অভ্যর্থনার সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়।
পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী এবং সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
মালয়েশিয়ায় পৌঁছে রাতে এক সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক, প্রবাসী এবং বিভিন্ন পেশাজীবী অংশ নেবেন।
গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। এরপর দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সরকারি বিদেশ সফর।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা, শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা গভীর করার লক্ষ্যেই প্রথম সরকারি বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনার মতামত লিখুন :