বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রতিনিধি দলে আরও আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুর রহমান চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রবিবার দুপুর পৌনে তিনটায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমান তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে দুই দিনের জন্য মালয়েশিয়া গেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন এবং সফরসঙ্গী প্রতিনিধিদলটি তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করেন বিএনপির প্রধান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর তাঁর এই প্রথম বিদেশ সফর অনুষ্ঠিত হলো।
আপনার মতামত লিখুন :