রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এখনো যেসব মামলা প্রত্যাহার করা হয়নি, সেগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটিগুলো কাজ চালিয়ে যাচ্ছে।
রবিবার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। এদিনের প্রশ্নোত্তর সংসদের কার্যবিবরণীতে উপস্থাপন করা হয়।
আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে সাধারণত অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয় না। ফলে সারা দেশে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক বা মিথ্যা মামলা হয়েছে, তার নির্ভুল পরিসংখ্যান নির্ধারণ করা সম্ভব নয়। এ বিষয়ে সরকারের কাছেও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ১১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, পূর্ববর্তী শাসনামলে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কতটি মামলা হয়েছে, সে সম্পর্কিত কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই।
মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করার জন্য ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করে। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রয়োজনীয় ক্ষেত্রে অভিযোগপত্রের প্রত্যয়িত অনুলিপি এবং সরকারি কৌঁসুলির মতামত পর্যালোচনা করে। পর্যালোচনায় যদি দেখা যায় যে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে, জনস্বার্থে তা চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে, তাহলে মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।
জেলা পর্যায়ের সুপারিশগুলো যাচাই-বাছাই করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ৮ মার্চ ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির তত্ত্বাবধানে এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। অবশিষ্ট মামলাগুলোর বিষয়েও প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :