মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নারীসহ উভয় পক্ষের ৪ জন আহত

মোঃ রায়হান আলী , মান্দা (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৮:২১ পিএম

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ উভয় পক্ষের চারজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২১ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ভাঁরশো ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুল মাজেদ বাদী হয়ে মান্দা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে অভিযুক্ত করা হয়েছে হোসেনপুর গ্রামের মজর উদ্দিন সরদারের ছেলে মিজানুর রহমান (৩৫), একই গ্রামের মৃত বজর সরদারের ছেলে আজাদ আলী (৫৫), তজের আলী (৫৮), নওশাদ আলী (৪০) এবং মিজানুর রহমানের স্ত্রী মনিশা আক্তারসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগণ পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালিয়ে আব্দুল মাজেদের স্ত্রী ফারজানা আক্তার বৃষ্টি, তার মা সকিনা বেগম (৪৭) ও ছোট ভাই জহুরুল ইসলামকে (৩৫) এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। আজ সকালে ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছে বলে তারা জানিয়েছেন।

এ ঘটনায় বাদী আব্দুল মাজেদ জানান, হঠাৎ করেই প্রতিপক্ষের লোকজন সকালে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমার পরিবারের উপর হামলা চালায়। এতে করে আমাদের অন্তত পাঁচ জন আহত হয়েছেন, এর মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের মধ্যে আমার স্ত্রীর মাথায় সাতটি সেলাই রয়েছে।

অপরদিকে প্রতিপক্ষের আজাদ আলী জানান, আমাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে তারা জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছে। তারা রাতের আঁধারে আমাদের জমি দখল করে পাকা রাস্তা নির্মাণ করেছেন এবং আমাদের জায়গায় তারা একটি নতুন দরজা তৈরি করে আমাদের জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। বাধা দিলে তারা আমাদেরকে প্রাণনাশের হুমকি সহ মারপিট করে। আমি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছি।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Link copied!