প্রেমের সম্পর্কের জেরে কিশোর খুন, প্রেমিকা ও স্বজনদের আটক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৮:২১ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামে তিন দিন নিখোঁজ থাকার পর ওয়ালিদ হাসান (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

শনিবার গভীর রাতে বাহেরচর মধ্যপাড়া গ্রামের একটি বসতঘর থেকে ওয়ালিদের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ উঠানে ফেলে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, হত্যার পর মরদেহ কাপড়ে মুড়িয়ে গোপনে সরিয়ে ফেলার চেষ্টা চলছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী কয়েকজন নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত ওয়ালিদ ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। প্রাথমিক পর্যবেক্ষণে তার গলায় কালো দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ালিদের সঙ্গে একই গ্রামের প্রাণা আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার হওয়ায় হত্যাকাণ্ডের পেছনে সেই সম্পর্কের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় প্রাণা আক্তার (১৭), তার মা ফরিদা আক্তার (৪০) এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে প্রাণার বাবা জাকির মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

রায়পুরা থানার উপপরিদর্শক নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Advertisement

Link copied!