সমাজের অসচ্ছল, প্রান্তিক ও চিকিৎসাসেবা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুস্থ ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি ওষুধ হস্তান্তর করেছে পেকুয়া জনকল্যাণ পরিষদ চট্টগ্রাম।
রোববার (২১ জুন) দুপুর ১২টায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবর রহমানের হাতে এসব ওষুধ তুলে দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালের মাধ্যমে চিকিৎসাধীন দরিদ্র ও অসহায় ডায়াবেটিস রোগীদের মাঝে এসব ওষুধ বিতরণ করা হবে।
মানবিক সহায়তার অংশ হিসেবে এই কার্যক্রমের আওতায় ১০ হাজার পিস মেটফরমিন ৫০০ মিলিগ্রাম (Metformin 500 mg) এবং ২ হাজার ৫০০ পিস গ্লাইক্লেজাইড ৮০ মিলিগ্রাম (Gliclazide 80 mg) ট্যাবলেট প্রদান করা হয়। ডায়াবেটিস রোগীদের নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ নিশ্চিত করতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সংগঠনের পক্ষে ওষুধ হস্তান্তর করেন পেকুয়া জনকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি এ জে এম গিয়াসুদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোর্শেদ জাফর ও আরিফ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সোহাইল ও ইলিয়াস চৌধুরী এবং ট্রেজারার মোহাম্মদ সাজ্জাদুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান এবং পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল রোগে পরিণত হয়েছে। অনেক নিম্ন-আয়ের মানুষ নিয়মিত ওষুধ ক্রয় করতে না পেরে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এমন বাস্তবতায় সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন।
পেকুয়া জনকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, সমাজের সক্ষম ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো মানবিক কাজে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে উঠবে।
আপনার মতামত লিখুন :