নিখোঁজের ছয় দিন পর ঝোপ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীর গলিত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৯:১০ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থানসংলগ্ন ঝোপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারিয়া (১৪) সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তিনি লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় এক সহপাঠীর সঙ্গে মারিয়ার আচরণ নিয়ে অভিযোগ ওঠে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এর কিছু সময় পর মারিয়া নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে বের হয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

রোববার বিকেলে স্থানীয় বাসিন্দারা চন্দননগর এলাকার একটি ঝোপে একটি স্কুলব্যাগ ও মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করতে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

Advertisement

Link copied!