যুবদল নেতার হামলায় শিবির নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৮:৩৪ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় সাবেক যুবদল নেতা ও তার অনুসারীদের হামলায় সাইফুল্লাহ বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রবিবার বিকেলে বোনারপাড়া চারমাথা ও চৌরাস্তা এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দের অভিযোগ, বিরোধের জেরে বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশসহ কয়েকজন সাইফুল্লাহ বারীর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে। আহতদের মধ্যে সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার বাসিন্দা।

 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Advertisement

Link copied!