সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের উদ্যোগে অফিসার ও ফোর্সদের নিয়ে ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল,তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।
সোমবার (২২ জুন) বিকেলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গাজী মাহবুবর রহমান এর নেতৃত্বে থানা কম্পাউন্ড থেকে ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’—এর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানসুরা আক্তার দিক নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচির পর উপজেলার সীমান্তসংলগ্ন বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালায় একাধিক পুলিশ টিম। নিয়মিত টহলের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে বসানো হয়েছে কঠোর নজরদারিমূলক চেকপোস্ট।
পুলিশ জানায়, এই কার্যক্রমের আওতায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাচাই করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয়। এছাড়া মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি বাড়িয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের এই সক্রিয় তৎপরতার কারণে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। বিশেষ করে রাতের বেলায় পুলিশের বিশেষ টহল সাধারণ মানুষের মধ্যে বাড়তি নিরাপত্তাবোধ তৈরি করেছে।
আপনার মতামত লিখুন :